সাভারের আশুলিয়ায় আগুনে পুড়ে কাজলী নামের (হিজড়া) তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকালে আশুলিয়ার গাজীরচট এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ আগুনে পোড়া তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, আশুলিয়ার গাজীরচট নয়াপাড়া এলাকার নিজের তিনতলা বাড়িতে একাই বাস করতেন তৃতীয় লিঙ্গের ব্যক্তি কাজলী। সকালে তিনতলা বাড়ির নিচ তলায় আগুনে পোড়া অবস্থায় তার মরদেহ দেখতে পান তার বাড়িতে আসা অন্য তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা।
পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে এলাকাবাসীর ধারণা তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা হত্যা করে লাশ পুড়িয়ে দিয়ে থাকতে পারে। তবে পুলিশ বলছে, বিষয়টি রহস্যজনক। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান অফিসার ইনচার্জ রিজাউল হক দিপু।
