কৃষকের মুখে দাহ্য পদার্থ ছুড়ে ঝলসে দিল দুর্বৃত্তরা

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ০২:৪৩ পিএম

সাতক্ষীরার কলারোয়ায় সুলতান দালাল (৫০) নামে এক কৃষকের মুখে দাহ্য পদার্থ নিক্ষেপ করে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। মারাত্মক আহত কৃষককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে কলারোয়া উপজেলার নাছোপুর গ্রামের এ ঘটনা ঘটে।

আহত সুলতান দালাল কলারোয় উপজেলার নাতপুর গ্রামের শহর আলী দালালের ছেলে।

আহত সুলতান দালাল জানান, তিনি মাদ্রা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় দুইজন লোক মোটরসাইকেলযোগে এসে তার গতিরোধ করে। একজন তার মুখে টর্চ লাইট ধরে রাখে অপরজন তার মুখে দাহ্য পদার্থ নিক্ষেপ করে পালিয়ে যায়। তিনি যন্ত্রণায় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

তার স্ত্রী সালমা বেগম বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের ডা. মো. হাফিজউল্লাহ জানান, ওই কৃষকের মুখমণ্ডল ও হাত পুড়ে গেছে। তার একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে বলে তিনি জানান।

সুলতানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির-উল-গিয়াস জানান, তিনি লোকমুখে ঘটনাটি শুনেছেন। থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত