কড়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১১:০৫ পিএম

বিরল উপজেলার ঝিনাইকুড়ি হালজা গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী কড়া সম্প্রদায়ের ওপর চলতি বছরের ৬ মার্চ সংঘটিত প্রাণঘাতী ও মর্যাদাহানিকর হামলার ঘটনায় পরবর্তী পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

গতকাল রবিবার বেলা ১১টায় দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে ঘটনায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লিখিত বক্তব্য পাঠ করেন নারী প্রগতি সংঘের উপপরিচালক মুজিব মেহেদী বিরল।

সংবাদ সম্মেলনে বলা হয়, কড়া সম্প্রদায়ের ওপর যে প্রাণঘাতী হামলা ও নির্যাতন হয়েছে তা অনুসন্ধানে ১০ জনের একটি দল কাজ করেছে। এই মিশনে ছিলেন মানবাধিকারকর্মী, প্রাণবৈচিত্র্য গবেষক, আদিবাসী অধিকার আন্দোলনকর্মী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সদস্যরা।

এতে জানানো হয়, হামলার ৮ মাস অতিবাহিত হলেও হামলাকারীদের এখনো বিচারের আওতায় আনা যায়নি। শুধু তাই নয়, বাংলাদেশে বিলুপ্তপ্রায় এই কড়া সম্প্রদায়ের মাত্র ৭০ থেকে ৮০ জন লোক এখনো নিজ ভিটায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে বসবাস করছেন। ওই হামলায় হামলাকারীরা কড়া শ্রেণির নারীদের হেনস্তা করে। এখনো রাতের বেলা দুষ্কৃতকারীরা মোটরসাইকেলে এসে কড়াদের গ্রামে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম উদ্দিন খান, গবেষক ও লেখক পাভেল পার্থ, উপপরিচালক নারী প্রগতি সংঘের মুজিব মেহেদী, দৈনিক সমকাল পত্রিকার রাজিব নুর, দিনাজপুর সরকারি কলেজের প্রফেসর ও গবেষক ড. মাসুদুল হক, মুস্তাফিজুর রহমান রুপন, রবীন্দ্রনাথ সরেন, দীপায়ন, মুক্তিযোদ্ধা কিনু কড়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত