বাবরি মসজিদ-রাম মন্দির বিতর্ক নিয়ে সিনেমার প্রযোজক কঙ্গনা

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০১:৩১ পিএম

প্রযোজক হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা বেশ আগেই দিয়েছিলেন কঙ্গনা রনৌত। এবার জানা গেল, তার প্রথম ছবি হতে যাচ্ছে বাবরি মসজিদ-রাম মন্দির বিতর্ক নিয়ে, শিরোনাম ‘অপরাজিতা অযোধ্যা’।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে এই কথা জানান একাধিকবার জাতীয় পুরস্কারজয়ী কঙ্গনা। ওই ছবির কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। তবে কঙ্গনা নিজেই অভিনয় করবেন কি না, তা অবশ্য এখনো জানা যায়নি।

কঙ্গনা অযোধ্যা রায় বিতর্ক নিয়ে ছবি প্রযোজনা করার বিষয়টি জানিয়েছেন মুম্বাই মিররকে।

তিনি বলেন, “রাম মন্দির হলো কয়েকশ বছরের জ্বলন্ত ইস্যু। আমি ১৯৮০ এর দশকে জন্মেছি। অযোধ্যা নামটি খুব নেতিবাচক অর্থে শুনতে শুনতে বড় হয়েছি। আমাদের রাজা (রাম) আত্মত্যাগের প্রতিভূ। সেই রাজার জন্ম যে মাটিতে, সেই একখণ্ড জমি নিয়েই দীর্ঘদিন বিতর্ক চলেছে। এই মামলাটি ভারতীয় রাজনীতির গতিপ্রকৃতি পাল্টে দিয়েছে। আর সাম্প্রতিক অযোধ্যা রায় সেই কয়েকশ বছরের বিতর্কের সমাপ্তি ঘটিয়েছে দেশের নিরপেক্ষতা বজায় রেখেই।”

ভারতীয় সুপ্রিম কোর্ট ৯ নভেম্বর এক রায়ে ট্রাস্ট গঠন করে বিতর্কিত ভূমিতে তিন মাসের মধ্যে মন্দির তৈরির নির্দেশ দিয়েছে। আর মসজিদের জন্য অন্য জায়গায় জমি দেওয়া হবে।

শোনা যাচ্ছে, অযোধ্যা বিতর্কের সূত্রপাত থেকে রায়– সম্পূর্ণ সময়টাই থাকবে কঙ্গনা প্রযোজিত ছবির চিত্রনাট্যে। আর ‘অপরাজিতা অযোধ্যা’র চিত্রনাট্য লিখবেন ‘বাহুবলী’-খ্যাত কে ভি বিজয়েন্দ্র প্রসাদ।

গত সপ্তাহেই কঙ্গনার বোন ও ম্যানেজার রঙ্গোলি চান্দেল টুইট করে জানিয়েছিলেন, কঙ্গনা প্রযোজকের ভূমিকায় আসছেন এবং তার প্রতিষ্ঠানের নাম হবে মণিকর্ণিকা ফিল্মস।

বছরের শুরুতে ঝাঁসির রানি লক্ষ্মী বাঈ-এর বায়োপিক ‘মণিকর্ণিকা’তে মুখ্য চরিত্রের অভিনয়ের পাশাপাশি যুগ্ম পরিচালকের ভূমিকায় দেখা যায় কঙ্গনাকে। সেই ছবি থেকেই অনুপ্রাণিত হয়ে প্রযোজনা সংস্থার নাম রাখা হয়েছে।

নিকট অতীতে একাধিকবার উগ্র জাতীয়তাবাদীদের পক্ষ নেন কঙ্গনা। প্রশংসা করেন নরেন্দ্র মোদি সরকারেরও। এবার সিনেমায় সাম্প্রতিক ভারতের সবচেয়ে বিতর্কিত রায় তুলে আনতে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত