জেএমবির স্বঘোষিত আমির হত্যায় ৩ সদস্যের মৃত্যুদণ্ড

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০৫:১৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির স্বঘোষিত আমির সালমান হত্যা মামলায় তিন সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া আরো চার জেএমবি সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ সাতজনকে ১ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

সোমবার দুপুর চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চানপাড়ার এরশাদ আলীর ছেলে সানোয়ার (৩৬), গোমস্তাপুরের বালুগ্রাম রাজারামপুরের আব্দুল কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮), বালুগ্রাম দক্ষিণটোলার মফিজ উদ্দীনের ছেলে আব্দুস শুকুর (৩৮)।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, গোমস্তাপুরের বোগলা গোলাপনগরের নুরুল ইসলামের ছেলে সামসুল হক (৩২), চকপুস্তম গ্রামের নজরুল ইসলামের ছেলে আব্দুল মোতাকব্বির ওরফে বুলবুল (৩২) ও সাইফুল ইসলাম (৩৮), নিমতলার মাহতাবের ছেলে শামিম (৩৪)।

এদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সানোয়ার পলাতক রয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা বেগম মামলার বরাত দিয়ে জানান, নেতৃত্বের কোন্দলের জের ধরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খোলসি বোরিয়া গ্রামে ২০১২ সালের ২৬ এপ্রিল জেএমবির স্বঘোষিত আমির ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা সালমানকে হত্যা করা হয়। ওই দিন সালমান তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিল। হত্যার পরের দিন ২৭ এপ্রিল খোলসি বোরিয়ার একটি আমবাগান থেকে গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ওই দিনই নাচোল থানার উপপরিদর্শক আনিসুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করে। এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সাঈদ ইকবাল ২০১৩ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই দণ্ডাদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত