বায়ু দূষণের জন্য পরিবেশ মন্ত্রণালয় ও সিটি করপোরেশনকে দায়ী করেছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
তিনি বলেছেন, ঢাকা শহরে ধুলা দূষণের জন্য দায়ী পরিবেশ মন্ত্রণালয় ও সিটি করপোরেশন।
এছাড়া অপরিকল্পিত নগরায়ণকেও এজন্য দায়ী করেন এ আওয়ামী লীগ নেতা।
মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির নতুন রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে দেলোয়ার হোসেন বলেন, বায়ু দূষণ থেকে বাঁচতে বড় প্রকল্পের পরিবেশগত বিষয়টি বিবেচনায় নিয়ে দূষণ রোধে আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত।
এসময় মেট্রোরেলের কারণে বায়ু দূষণ কয়েকগুণ বেড়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক খন্দকার বজলুল হক। দূষণ কমিয়ে আনতে ওয়াসা ও সিটি করপোরেশনকে শহরে পানি ছিটানোর আহ্বান জানান তিনি।
টেকসই উন্নয়নে পরিবেশগত সমাধান বিষয়ক দুই দিনব্যাপী সেমিনারের বিষয়ে জানাতে এক সভার আয়োজন করে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি। সভা পরবর্তী এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বুধবার থেকে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় ঠিক করতে তাদের মতামত তুলে ধরবেন।
সভায় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার ফারজানা মাহমুদ, সাংবাদিক নিয়াজ জামান সজীব, কমিটির সদস্য আহসান উল্লাহ ফয়সাল, মাজহারুল ইসলাম মানিক, উৎপল সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
