চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনই ওদের পেশা, গ্রেপ্তার ১৬

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১০:১৬ পিএম

রাজধানীতে পৃথক অভিযানে চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের মূল হোতাসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বৃহস্পতিবার এ তথ্য জানান। তাদের কাছ থেকে ১১৩টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, আইএমইআই নম্বর পরিবর্তনে ব্যবহৃত ডিভাইস, ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, বুধবার রাতে মোতালেব প্লাজা, গুলিস্তান পাতাল মার্কেট ও ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর সাত্তার, শফিকুল, লিটন, রানা, মুন্না, রাব্বি, সজীব, রিয়াজ, সোহাগ, রাসেল, বাপ্পি, নাজমুল, আবীর খান, দেলোয়ার, সুমন ও আকিবুলকে গ্রেপ্তার করা হয়েছে।

মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন রয়েছেন আইটি বিশেষজ্ঞ। মোবাইল চুরির পর তারা বিশেষ ডিভাইসের মাধ্যমে আইএমইআই নম্বর পরিবর্তন করে পরে তা বিক্রি করেন। বিক্রি করা টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিত তারা। এদের সাথে আরও যারা জড়িত রয়েছে তাদের ধরতে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত