ইসরায়েলের সঙ্গে পুনরায় কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছে বলিভিয়া। দুইদিন আগে ২০০৮ সালের পর যুক্তরাষ্ট্রে এই প্রথম রাষ্ট্রদূত নিয়োগও করে উত্তর আমেরিকার দেশটি।
মিডল ইস্ট আই জানায়, ১০ নভেম্বর সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসকে উৎখাতের পর আন্তর্জাতিক নীতিতে বড় ধরনের পরিবর্তন আনে দেশটি অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ক্যারেন লঙ্গারিক জানান, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের পরিকল্পনা রয়েছে বলিভিয়ার।
তিনি জানান, রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে ইসরায়েলের সঙ্গে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হচ্ছে। এই সিদ্ধান্ত উভয় পক্ষের মধ্যে ইতিবাচক ভূমিকা রাখবে এবং বলিভিয়ার পর্যটন খাতে অবদান রাখবে।
২০০৯ সালে গাজায় ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তেলআবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বলিভিয়া। ওই যুদ্ধে ইসরায়েলি হামলায় ৩৩৩ শিশুসহ ১৩৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়।
সে সময় প্রেসিডেন্ট মোরালেস আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনার দাবি জানিয়েছিলেন।
