বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ মিয়ানমারের ১৬ জেলেকে আটক করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।
শুক্রবার ভোররাতে সেন্টমার্টিনে বাংলাদেশ জলসীমানার ৫৬ নটিক্যাল মাইল ভেতরে তাদের আটক করা হয়। তারা সবাই মিয়ানমারের নাগরিক।
টেকনাফ সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. সাদ মোহাম্মদ তাইম জানান, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করায় সেখান থেকে দুটি মাছ ধরার নৌকাসহ মিয়ানমারের ১৬ জেলেকে আটক করা হয়েছে। টেকনাফ থানায় হস্তান্তরের জন্য সেন্টমার্টিন থেকে তাদের টেকনাফে নিয়ে আসা হচ্ছে। তবে আটক জেলেদের নাম ঠিকানা দিতে পারেননি কোস্টগার্ডের ওই কর্মকর্তা।
