সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দ্বীপ আজাদ ও সাইফুল ইসলাম নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোরে শহরের বাইপাস সড়কের বকচরা মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, ওই দুজনকে আটকের পর রাতে অস্ত্র উদ্ধারে গেলে তাদের সহযোগীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। দ্বীপ আজাদ শহরের মুন্সিপাড়া এলাকার মইনুল ইসলাম ও সাইফুল ইসলাম কালিগঞ্জের সাইহাটি গ্রামের সবুর সরদারের ছেলে।
জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, দ্বীপ আজাদ ও সাইফুল ইসলাম চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। কালিগঞ্জের জনৈক ব্যক্তির ২৬ লাখ টাকা ছিনতাইসহ বিভিন্ন খুন-খারাবির সঙ্গে তারা জড়িত। তাদের বিরুদ্ধে স্ব-স্ব থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ ও কালিগঞ্জ থানা পুলিশ দ্বীপ ও সাইফুলকে গ্রেপ্তার করে মধ্যরাতে তাদের স্বীকারোক্তি মতে অস্ত্র উদ্ধারে বকচরা মোড় এলাকায় যায়। পুলিশ তাদেরকে নিয়ে ওই এলাকায় পৌঁছালে তাদের সহযোগীরা তাদেরকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে গুলিবিদ্ধ হয় দ্বীপ ও সাইফুল। হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।
