ঢালিউডের এই সময়ের অন্যতম আলোচিত ছবি ‘মিশন এক্সট্রিম’। কপ অ্যাকশন থ্রিলারটির টিজার পোস্টার প্রকাশ হলো শনিবার। এর আগে মূল তারকাদের লুক নিয়ে গোপনীয়তার আশ্রয় নেন নির্মাতারা।
এবার সাজ্জাদুল ইসলাম সায়েমের পোস্টার প্রকাশেই চমকে গেল দর্শক। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
‘মিশন এক্সট্রিম’ যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। শনিবার সন্ধ্যায় বিএফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথম পোস্টার অবমুক্ত করা হয়। জানানো হয়, ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি।
পরিচালক সানী সানোয়ার বলেন, “আমাদের ইচ্ছে ছিল চলতি বছরের শেষ দিকে ছবিটি মুক্তি দেওয়ার। তবে সম্পাদনার কাজ বেশ সময় নিয়ে করা হচ্ছে। তাই আগামী বছর রোজার ঈদে এটি আসছে। আশা করছি, এটা বছরের সেরা ধামাকা হবে।”
‘মিশন এক্সট্রিম’-এর পোস্টারে দেখা মিলেছে আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান ও সাদিয়া নাবিলার। আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, আরেফ সৈয়দ, মনোজ প্রামাণিক, সৈয়দ নাজমুস সাকিব প্রমুখ। পুলিশ বাহিনীর বেশ কিছু সদস্য এতে সরাসরি কাজ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ.শফিকুল ইসলাম- বিপিএম (বার) পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার), অতিরিক্ত কমিশনার, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম।
উপস্থিত ছিলেন সিনেমাটির অভিনেতারা। অতিথি তালিকায় আরও ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফাল্গুনি হামিদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুসহ অনেকে।
