রাজধানী থেকে আন্তজেলা বাস টার্মিনাল সরিয়ে নেয়া হবে

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ০৭:০৬ পিএম

বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ক্রমান্বয়ে ঢাকা মহানগরী থেকে আন্তজেলা বাস টার্মিনাল সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর নগরভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসি) সভায় তিনি বলেন, ‘ঢাকা মহানগর থেকে আন্তজেলা বাস টার্মিনাল বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ক্রমান্বয়ে সরিয়ে নেয়া হবে। এ লক্ষ্যে স্থান নির্বাচনসহ অন্যান্য কাজ দ্রুত সময়ে শেষ করার উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া সড়কে অবৈধ রিকশা, ইজিবাইকসহ সব ধরনের অননুমোদিত যানবাহন চলাচল বন্ধ করতে শিগগিরই সমন্বিত পদক্ষেপ নেয়া হবে।’

অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতির কারণে ঢাকার সড়ক থেকে অবৈধ রিকশা, ব্যাটারিচালিত রিকশা, সিএনজি এবং অবৈধ যানবাহন উচ্ছেদ সম্ভব হয়নি। এ কাজ রাতারাতি সম্ভব নয়। এ জন্য আবারো উদ্যোগ নেয়া হয়েছে। ঢাকা মহানগরের যেসব এলাকায় ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক এবং যানজট সৃষ্টি করছে সেসব এলাকাগুলোকে ক্লিয়ার করার জন্য আমাদের মেট্রোপলিটন পুলিশ, প্রয়োজনে বিআরটিএ’র সহযোগিতায় পদক্ষেপ নেবে।’

তিনি বলেন, ‘ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করে সিটি ফরেস্ট নির্মাণ করবে সিটি করপোরেশন।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জন্য একটি পরিবহন পরিকল্পনা প্রণয়নে সক্ষমতা যাচাইয়ে প্রস্তাব সরকার অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মকর্তারা।

রাজধানীর সড়ক ব্যবস্থাপনার উন্নয়নে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার নাগরিকদের সুবিধার্থে মোট ৬৪টি পার্কিং স্পটের অনুমতি দেওয়া হয়েছে। ডিটিসিএ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের কারিগরি দক্ষতা সম্পন্ন একটি বিশেষজ্ঞ পুল গঠনের জন্য সিদ্ধান্ত রয়েছে।’

মন্ত্রী আরো বলেন, ‘ইনার রিং রোড বাস্তবায়নের ক্ষেত্রে জলাধার সংরক্ষণ করতে হবে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে জলাশয় ভরাট করে নির্মাণ বা কোনো স্থাপনা প্রতিষ্ঠা করা যাবে না। লেকের জলপ্রবাহ ঠিক রেখে রাস্তার ডিজাইন করতে হবে। এ ছাড়া রাজউক থেকে ভবন নির্মাণের অনুমতি নেয়ার সময় ডিটিসিএ থেকে ট্রাফিক ক্লিয়ারেন্স সার্টিফিকেটও নিতে হবে’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত