ভেনেজুয়েলার স্কুলগুলোর ক্ষুধার্ত শিক্ষার্থীরা প্রায়ই মূর্ছা যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
ছয় বছর ধরে অর্থনৈতিক দুরবস্থার মাঝে শিক্ষকের ঘাটতি, মিড ডে মিল বন্ধ হয়ে যাওয়ায় দেশটির অনেক শিক্ষার্থীই পড়ালেখা বন্ধ করে দিচ্ছে। ধারাবাহিক অর্থনৈতিক সংকট ও শিক্ষক-শিক্ষার্থীর অনুপস্থিতির কারণে দেশটির শিক্ষাব্যবস্থা কার্যত ধসে পড়ছে।
বেশির ভাগ শিক্ষার্থী সকালের নাশতা না করে আসায় কিংবা আগের রাতে খাবার না খাওয়ায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের এ অচেতন হয়ে পড়ার ঘটনা প্রতিনিয়তই শোনা যাচ্ছে। অনেক শিক্ষার্থী আবার তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে খাবার মিলবে কি না, এমনটা জেনে তারপর স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ছয় বছরের অর্থনৈতিক সংকট এভাবেই দেশটির শিক্ষাকাঠামোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে, যে শিক্ষাকাঠামোই দশককাল আগেও লাতিনের এ দেশটির অন্যতম গর্ব ছিল। অতীতে দেশটির দুর্গম এলাকাগুলো থেকেও এমন সব মেধাবী শিক্ষার্থী বের হতো। যারা ভেনেজুয়েলার বিশ্ববিদ্যালয় তো বটেই এমনকি যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও জায়গা করে নিত।
