মোদি-অমিত শাহকে ‘অনুপ্রবেশকারী’ বললেন কংগ্রেস নেতা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৮ এএম

কথিত অনুপ্রবেশকারী তাড়াতে করা বিতর্কিত নাগরিক তালিকা তথা এনআরসি নিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপি নেতৃত্বকে তোপ দাগিয়েছেন এক কংগ্রেস নেতা।

এবার এনআরসি নিয়ে আক্রমণ শানাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহকেই অনুপ্রবেশকারীর তকমা লাগিয়ে দেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।

বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারতবর্ষ সবার। ভারতবর্ষ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। সবার সমান অধিকার আছে এখানে।’

অধীর বলেন, ‘অমিত শাহ, নরেন্দ্র মোদি- আপনারা নিজেরাই অনুপ্রবেশকারী। ঘর গুজরাটে, অথচ থাকেন দিল্লিতে। আপনারা তো নিজেরাই অনুপ্রবেশকারী।’

এই সময় জানায়, কয়েক দিন আগেই অমিত শাহ সব রাজ্যে এনআরসি কার্যকর করা হবে বলে জানান। তবে তার আগে প্রয়োগ করা হবে নাগরিক (সংশোধিত) বিল। অবৈধ অনুপ্রবেশকারীদের এদেশে ঠাঁই হবে না বলেও সাফ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে লোকসভায় কংগ্রেসের নেতা নির্বাচিত হওয়ার পর থেকেই সংসদে নরেন্দ্র মোদি, অমিত শাহদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অধীর চৌধুরী। রাজ্য রাজনীতির চেয়ে এখন তিনি জাতীয় রাজনীতি নিয়েই বেশি প্রতিক্রিয়া দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত