চীনের বিরুদ্ধে করা আন্দোলনকে আমেরিকা থেকে সমর্থন জানিয়ে আইন পাস করায় মার্কিন পতাকা নিয়ে ‘থ্যাংক ইউ ডোনাল্ড ট্রাম্প’ বলে স্লোগান দিয়েছেন হংকংয়ের সাধারণ মানুষ।
হংকংয়ে তিনটি মিছিল বের করেন বিক্ষোভকারীরা। এর মধ্যে একটি ছিল ট্রাম্পকে ধন্যবাদ জানানোর জন্য। ওই মিছিলে যারা হাঁটছিলেন তাদের বলতে শোনা গেছে, ‘উপহারের জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প। এবার দয়া করে হংকংকে স্বাধীন করুন।’
প্রথমদিকে মিছিল শান্তিপূর্ণ থাকলেও শেষের দিকে খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশ ও জনতার মধ্যে। একাধিক জায়গায় মেট্রো স্টেশন অবরুদ্ধ করা হয়। বিক্ষোভ চলাকালীন ব্যারিকেড সরাতে গিয়ে এক ব্যক্তি মাথায় গুরুতর চোট পেয়েছেন।
আমেরিকার নতুন আইনের কারণে বেইজিং বাণিজ্যিকভাবে আরও চাপে পড়বে। মার্কিন মুলুকে এ ধরনের আইন পাস হলে ‘অভিযুক্ত’ দেশের ওপর বিভিন্ন ধরনের অবরোধ আরোপ করা হয়।
গণতন্ত্রের দাবিতে হংকংয়ে এখন চীনবিরোধী আন্দোলন চলছে। সেপ্টেম্বর পর্যন্ত দেশটি রীতিমতো উত্তাল ছিল। এখনো প্রায় একই অবস্থা।
১৯৯৭ সালে ব্রিটিশদের কাছ থেকে হংকংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর আর কখনো এত ঝামেলায় পড়েনি চীন। বিক্ষোভ দমাতে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েও সফল হয়নি তারা।
চীনের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক সেই আদিকাল থেকে ‘খারাপ’। ট্রাম্পের আমলে অবস্থা আরও শোচনীয়। বাণিজ্যযুদ্ধে কেউ কাউকে ছাড়ছে না।
