পুলিশের তৎপরতায় ব্যর্থ হলো অপহরণকারী

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৫ এএম

কৌশলে মায়ের নিকট থেকে শিশুকে নিয়ে পালানোর সময় এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ওই অপহরণকারীর নাম দেলোয়ার (২৮)।

ডিএমপি সূত্র জানায়, ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের কোতোয়ালি ট্রাফিক জোনের টিআই মো. রফিকুল ইসলাম শিশুটিকে উদ্ধার করেন।

প্রতিদিনের মতো সোমবার গুলিস্তানের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন তিনি। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি এক নারীর চিৎকার শুনতে পান। কাছে গিয়ে জানতে পারেন, শিশু সন্তানকে খুঁজছেন তিনি।

ইতিমধ্যে টিআই রফিকুল দেখতে পান শিশুসহ ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছে দেলোয়ার। তার কাছে বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে না পারায় দেলোয়ারকে গ্রেপ্তার করেন।

এই পুলিশ কর্মকর্তা জানান, আকাশ (৭) নামের শিশুটি মায়ের সঙ্গে বংশাল মোড়ে বাজার করতে আসছিল। আকাশ ঠিকমতো কথা বলতে পারে না। অপহরণকারী কৌশলে সেখান থেকে তাকে নিয়ে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিল।

পরবর্তী সময়ে আকাশকে তার মায়ের হেফাজতে দেওয়া হয়। দেলোয়ারকে বংশাল থানা পুলিশের নিকট হস্তান্তর করেন টিআই রফিকুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত