নারীদেহ প্রদর্শনকারী পোশাকের বিক্রি আটকাতে কলকাতায় পোস্টার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০৫:০০ পিএম

নারীদেহ দেখা যায় এমন পোশাকের বিক্রি বন্ধ করতে ভারতের কলকাতা শহরের শ্যামবাজার মোড়ে একটি পোস্টার লাগানো হয়েছে। সেখানে লেখা ‘নারীদেহ প্রদর্শনকারী উত্তেজক পোশাকের উৎপাদন ও বিপণন বন্ধ করতে হবে।

‘বাঙালি মহিলা সমাজের’ নামে ওই পোস্টার ঘিরে বিতর্ক শুরু হয়েছে। কয়েক জন ওই ব্যানারের পাশেই কালো কাগজে পাল্টা লিখে দিয়ে এসেছেন, ‘মধ্যযুগীয় হাম্বা। পোশাক ধর্ষণের কারণ নয়।’

গত শুক্রবার ওই পোস্টারের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন উৎসব চন্দ্র নামে এক ব্যক্তি। তিনি বলেন, “শ্যামবাজারের কাছ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ব্যানারটি চোখে পড়ে। দেশ জুড়ে ধর্ষণ নিয়ে যখন তোলপাড় চলছে, তখন এই ধরনের মধ্যযুগীয় ভাবনা মানতে পারিনি। পোশাক যে কোনও সমস্যার কারণ নয়, সেটা বলতেই ছবিটা পোস্ট করেছিলাম।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে অনেকে লিখেছেন, ‘উত্তেজক পোশাক কোনটি, আর কোনটি নয়, সেটা কে ঠিক করে দেবে? নাবালিকা, এমনকি শিশুদের সঙ্গেও এমন ঘৃণ্য ঘটনা ঘটে যা পোশাকের জন্য হয় না।’

ওই পোস্টারের বিরুদ্ধে শ্যামবাজার চত্বরে জমায়েতের ডাক দেন কয়েক জন। এলাকাটি শ্যামপুকুর থানার অন্তর্গত হওয়ায় সেখানে গিয়ে তারা জমায়েতের অনুমতি নেন।

রবিবার ওই ব্যানারের সামনে হাজির হয়ে ১৮ জনের একটি দল পাল্টা পোস্টার টাঙিয়ে দিয়ে আসেন।

ওই দলেরই এক জন, ঋক ধর্মপাল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রথমে ঠিক করেছিলাম, ওই ব্যানারের উপরে কালো কালি দিয়ে ছিঃ লিখে দেব। কিন্তু যে দোকানের সামনে ব্যানারটি লাগানো ছিল, তার মালিক বারণ করলেন। কারণ, যারা ওই ব্যানার লাগিয়েছেন, তারা হামলা করতে পারেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত