ট্যাক্সের টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১০:০৭ পিএম

জনগণের ট্যাক্সের টাকা আত্মসাৎসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইঞ্জি. আব্দুস সালামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার ওই ইউনিয়নের অভিযোগকারী ইউপি সদস্যরা সাংবাদিকদের এ খবর জানান। ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। গত ২৮ নভেম্বর উপসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি সোমবার বিকেলে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৌঁছায়।

সূত্র জানায়, উপজেলার দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. আব্দুস সালাম বিধি বহির্ভূতভাবে ট্যাক্স অ্যাসেসমেন্টের জন্য এনজিও নিয়োগ করে তাদের সাথে যোগসাজশে আদায়কৃত ট্যাক্সের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

এছাড়া, দায়িত্ব নেয়ার পর থেকে পরিষদের সদস্যদের নিয়ে সভা না করাসহ তার বিরুদ্ধে এলজিএসপি প্রকল্পভুক্ত বাহেরচর তারিক সরকারের বাড়ির সামনে নৌ-ঘাটলা নির্মাণ বাবদ এক লাখ টাকার ও একই গ্রামের ইসমাইলের বাড়ি থেকে ফকির বাড়ি গোল চত্বর পর্যন্ত আরসিসি পাকা রাস্তার সাত লাখ ষাট হাজার টাকার প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাতের অভিযোগ করেন পরিষদের সদস্যরা।  

তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার আইন অনুযায়ী চেয়ারম্যান আব্দুস সালামকে সাময়িক বরখাস্ত করা হয়। 

পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য কাদির মেম্বার ক্ষোভের সঙ্গে বলেন, আমরা নির্বাচিত হওয়ার পর একদিনও আমাদের নিয়ে কোন মিটিং করেনি চেয়ারম্যান। সাড়ে তিন বছর বেতন ভাতা পাইনি। তাই আমরা সকল সদস্য প্রায় ছয় মাস আগে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে বিভিন্ন অনিয়মের লিখিত অভিযোগ দিয়েছিলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত