ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুমে থাকা শিক্ষার্থীদের খোঁজখবর নিতে গেলে ডাকসুর ভিপি নুরুল হক নুরকে ‘ছাত্রলীগ’ হেনস্তা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে নুরের অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ দাবি করেছে সাধারণ শিক্ষার্থীরা তাকে হলে প্রবেশ করতে দেয়নি।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় একাত্তর হলের গণরুমে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর ভিপি নুর শিক্ষার্থীদের খোঁজখবর নিতে গণরুমে প্রবেশ করতে গেলে কয়েকজন রুমের দরজা বন্ধ করে দেন। এ সময় ভিপিকে উদ্দেশ্য করে উচ্চ স্বরে গালি দিয়ে এবং ‘ভুয়া’ বলে বলে চিৎকার করেন তারা। পরে নুরুল হক হল থেকে বেরিয়ে যান।
ভিপি নুর দেশ রূপান্তরকে বলেন, শিক্ষার্থীদের খোঁজ-খবর নিতে গেলে সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা হেনস্তা করে। গণরুমটিতে ঢুকতে গেলে কয়েকজন এসে কক্ষটির দরজা আটকে দেন ৷ আরেকটি কক্ষে ঢুকলে কয়েকজন অশোভন ও অপমানজনক কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে গণরুমকে 'ছাত্রলীগের রুম' বলে দাবি করে আমাকে ও আমার সঙ্গীদের ধাক্কা দেয় তারা। পরে আমরা চলে আসি। এ বিষয়ে হল প্রশাসনের কাছে সাদিক ও মাজেদুর নামের দুই ছাত্রলীগ কর্মীর নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছি।
তবে অভিযোগ অস্বীকার করে হল ছাত্রলীগ নেতা ও হল সংসদের এজিএস আবু ইউনুস দেশ রূপান্তরকে বলেন, ছাত্রলীগের কেউ তাকে বাধা দেয় নি। শিক্ষার্থীদের সাথে তিনি খারাপ ব্যবহার করেছেন তাই তারা তাকে রুমে প্রবেশ করতে দেয়নি। ভিপি হিসাবে তিনি গণরুমের শিক্ষার্থীদের খোঁজখবর নিতে পারেনই। আমাদের বললে আমরা তাকে পরিদর্শন করতে নিয়ে যেতাম।
ডাকসুর এজিএস ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন দেশ রূপান্তরকে বলেন, তিনি গণরুমে গিয়ে শিক্ষার্থীদের সমস্যা জানার বিপরীতে তাদের সাথে খারাপ ব্যবহার করেছেন। তিনি শিক্ষার্থীদের বলেছেন 'আমি ভিপি আমি ভিপি'। তাকে বলতে চাই ভিপি পদ কারও জমিদারি নয়।
এ বিষয়ে বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শফিউর আলম ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, ভিপি আমার কাছে অভিযোগ করেছে। অভিযোগে ভিত্তিতে দুই শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে তাদের।
