বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে গোটা জাতি বৃহস্পতিবার উচ্চ আদালতের শুনানির দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, উচ্চ আদালত থেকে দেশনেত্রী ন্যায়বিচার পাবেন।’
বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘খালেদা জিয়া দেশের সিনিয়র সিটিজেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দুইবারের বিরোধীদলীয় নেতা। দেশের জনপ্রিয় শীর্ষ এই রাজনীতিক গুরুতর অসুস্থ। তার জামিন পাওয়া ন্যায়সঙ্গত অধিকার। এ ধরনের মামলায় উচ্চ আদালত থেকে অনেকেই জামিন পেয়েছেন, সেটির নজিরও অসংখ্য রয়েছে।’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘খালেদা জিয়াকে সম্পূর্ণ বিনা অপরাধে ৬৬৫ দিন হলো অবৈধ ক্ষমতার জোরে কারারুদ্ধ করে রাখা হয়েছে। আইন-আদালত, ন্যায়বিচার, সংবিধান, মানবাধিকার, মৌলিক অধিকার, বয়স ও অসুস্থতাসহ সব বিবেচনায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন পাওয়া আইনগত অধিকার। দেশ-বিদেশের আইনজ্ঞরা বলছেন, এই মামলায় জামিন না পাওয়া বিস্ময়কর। তিনি নিশ্চিতভাবেই জামিনের হকদার।’
তিনি বলেন, ‘গোটা বাংলাদেশের মানুষ অব্যাহতভাবে দাবি জানাচ্ছে তার জামিনের। অথচ স্বাভাবিক এই জামিন নিয়ে কত রকমের টালবাহানা করা হচ্ছে! সরর দলীয় লোকেরা প্রকাশ্যে হুমকি ও ঘোষণা দিয়ে জামিনে বাধা দিচ্ছে। দেশনেত্রীকে জেলে রেখে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।’
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ খালেদা জিয়ার জামিন শুনানি হবে। বৃহস্পতিবারের মধ্যে তার শারীরিক অবস্থার সর্বশেষ প্রতিবেদন দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
রিজভী বলেন, ‘৭৫ বছর বয়সী দেশনেত্রীর স্বাস্থ্যের অবস্থা এতো ভয়ংকর যে, এই মুহূর্তে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না হলে জীবনহানির চরম ঝুঁকি রয়েছে। সুচিকিৎসার অভাবে তার যে ক্ষতি হচ্ছে, সেটা আর ফিরে আসবে না। তার বাম হাত ও শরীরের বাম দিক প্রায় প্যারালাইজড হওয়ার উপক্রম হয়েছে। কারও সাহায্য ছাড়া তিনি বিছানা থেকে উঠতে পারেন না।’
তিনি বলেন, ‘তার এই গুরুতর অসুস্থতায় দেশবাসী শুধু উদ্বিগ্নই নন, বরং দেশনেত্রীর জামিনে বাধা ও চিকিৎসা না দিয়ে তাকে গুরুতর শারীরিক ক্ষতির দিকে ঠেলে দেওয়ার জন্য এটি যে সরকারের অশুভ পরিকল্পনারই অংশ, তা জনগণ বিশ্বাস করে।’
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘দেশনেত্রীকে নিয়ে সরকারের অশুভ ষড়যন্ত্রের আরেকটি জলজ্যান্ত প্রমাণ হলো- গত ২৫ দিন ধরে তার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। এটি জেলকোডের চরম লঙ্ঘন।’
খালেদা জিয়ার জামিন না হলে দলের পক্ষ থেকে কী ধরনের কর্মসূচি দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘পরে জানানো হবে।’
খালেদা জিয়াকে কীভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বলা হচ্ছে হায়াত-মউত আল্লাহর হাতে। এটা কি হুমকি নয়? প্রধানমন্ত্রী বলছেন- তারেককে (তারেক রহমান) বাড়াবাড়ি না করতে।’
