মাস দু-এক আগে ঢাকায় এসেছিলেন নার্গিস ফাখরি। টিএম ফিল্মসের আনুষ্ঠানিক ঘোষণায় শাকিব খানের পাশে দেখা যায় এই আমেরিকান মডেল-অভিনেত্রীকে। সেই থেকে গুঞ্জন রয়েছে শাকিব ও নার্গিস বড়পর্দায় জুটি হতে চলেছেন।
এবার নায়িকার অন্য একটি খবর প্রকাশ করলো ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।
নার্গিস বলেছেন, ক্যামেরার সমানে কোনোভাবেই নগ্ন হতে পারবেন না। এই কারণে পুরুষদের জনপ্রিয় ম্যাগাজিন প্লেবয়ে মডেলিংয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো স্মৃতি ফিরিয়ে আনেন তিনি। ২০০৪ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন নার্গিস। যুক্তরাষ্ট্রের নেক্সট সুপার মডেল হিসেবে মনোনীত হন মাত্র ১৬ বছর বয়সেই। ওই সময় প্লেবয় ম্যাগাজিনের কলেজ সংস্করণের ফটোশুটের জন্য মনোনীত করা হয় তাকে। বিপুল অঙ্কের পারিশ্রমিকও দেওয়া হবে বলে হয় জানানো।
কিন্তু ক্যামেরার সামনে কোনোভাবেই নগ্ন হতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন ‘রকস্টার’ অভিনেত্রী। প্লেবয়ের প্রস্তাব তার কাছে আসার পর সবকিছু জেনে তৎক্ষণাৎ নস্যাৎ করে দেন।
নার্গিস জানান, বলিউডে কাজ করতে অসুবিধা হয়নি। যৌন দৃশ্য বা নগ্নতার শর্তে কাজ করতে হয়নি তাকে।
২০১১ সালে ইমতিয়াজ আলীর ‘রকস্টার’ দিয়ে বলিউডে পা রাখেন নার্গিস, বিপরীতে ছিলেন রণবীর কাপুর। এরপর মে তেরা হিরো, মাদ্রাজ ক্যাফের মতো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন।
ওই সময় অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নার্গিস। তার সঙ্গে বিয়ের পর থাকবেন বলে বাংলোও কেনেন উদয়। কিন্তু আচমকাই রানি মুখার্জির দেবরের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় নার্গিসের। এরপর নিউইয়র্ক চলে যান কিছুদিনের জন্য।
