মুজিববর্ষ হবে রাজনৈতিক শুদ্ধাচারের বছর: খালিদ মাহমুদ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০৬:১৫ পিএম

আগামী বছর সারা দেশে জাঁকজমকপূর্ণভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শুরু হবে উল্লেখ করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এর মধ্য দিয়ে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের মূল লক্ষ্য। তাই আমাদের প্রত্যাশা, মুজিববর্ষ হবে রাজনৈতিক শুদ্ধাচারের বছর।

বুধবার সকালে সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।  

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিতে এত দিন যে ধারা চলে আসছিল আমরা তার গুণগত পরিবর্তন করতে চাই। আমরা দেখতে চাই, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মহল রাজনৈতিক ও অন্যান্য আদর্শগত মতভেদের ঊর্ধ্বে উঠে মুজিববর্ষে বঙ্গবন্ধুকে যথাযথ সম্মান দেখাবে, তার জন্মশতবার্ষিকী পালন করবে।

নদ-নদী রক্ষাসহ নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নে সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে নৌ প্রতিমন্ত্রী বলেন, সরকার নৌ খাতের উন্নয়নে বদ্ধ পরিকর। এ জন্য যা যা করণীয় তাই করা হবে।

সৌজন্য সাক্ষাতের শুরুতে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এসসিআরএফ নেতৃবৃন্দ। এ সময় প্রতিমন্ত্রীও সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। এ সময় এসসিআরএফ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি আশীষ কুমার দে, সহসভাপতি অমরেশ রায়, সাধারণ সম্পাদক মহসীনুল করিম লেবু, সাবেক সভাপতি আনিসুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ, অর্থ সম্পাদক হাবিবুল্লাহ মিজান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান (পঞ্চায়েত হাবিব)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত