বিগত কয়েক বছরের তুলনায় বিশ্বব্যাপী কয়লার ব্যবহার কমলেও বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের হার সামান্য বেড়েছে বলে এক গবেষণার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সিএনএন।
গ্লোবাল কার্বন প্রজেক্ট তাদের বার্ষিক মূল্যায়নে ২০১৯ সালে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের মাত্রা আগের বছরের তুলনায় দশমিক ছয় শতাংশ বেশি হতে পারে বলে ধারণা দিয়েছে। জ¦ালানি তেল ও গ্যাসের ব্যবহারের মাত্রা বেড়ে যাওয়ায় কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের পরিমাণ বাড়ছে বলে জানিয়েছে তারা।
গবেষণায় বলা হয়, গত বছরই বেড়েছিল প্রায় তিন শতাংশ, যার প্রধান কারণ ছিল চীনে কয়লার বিপুল চাহিদা। গাড়ি বিশেষ করে স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলের (এসইউভি) বাজার সম্প্রসারিত হওয়ায় জ¦ালানি তেলের ব্যাপক চাহিদাও নিঃসরণ বাড়ার অন্যতম কারণ ছিল। তবে জীবাশ্ম জ¦ালানির চাহিদায় বড় ধরনের পরিবর্তন আসায় এ বছর নিঃসরণ বৃদ্ধির মাত্রা তুলনামূলক কম হয়েছে।
কয়লা ব্যবহারের কারণে চলতি বছর বৈশ্বিক কার্বন নিঃসরণের পরিমাণ এক শতাংশের চেয়ে কম হওয়ার পেছনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে কয়লার ব্যবহার কমানো বিরাট ভূমিকা রেখেছে।
২০১৯ সালজুড়েই কয়লার ব্যবহার বেশি হবে বলে মনে করা হলেও চীন ও ভারতের অর্থনৈতিক শ্লথ প্রবৃদ্ধির কারণে তা ধারণার চেয়ে অনেক কম হয়েছে। তুমুল বর্ষণের কারণে চলতি বছর ভারতে রেকর্ড পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা কয়লা ব্যবহারের সম্ভাবনাও কমিয়ে দেয়।
