খালেদার মুক্তির দাবিতে মহানগর উত্তর ছাত্রদলের মিছিল

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৩ পিএম

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল করেছে ছাত্রদল ঢাকা মহানগর উত্তর।

বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে পান্থপথ থেকে শুরু হয়ে এফডিসি গেটে গিয়ে শেষ হয় মিছিলটি। নেতৃত্ব দেন উত্তরের সভাপতি এস এম মিজানুর রহমান রাজ। এই  সময় নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।

এ দিকে খালেদার জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন দাখিলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষকে আরও এক সপ্তাহ সময় দিয়েছে আপিল বিভাগ। এই কারণে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার জামিন শুনানি পিছিয়ে গেছে ১২ ডিসেম্বর পর্যন্ত।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ থেকে এই আদেশ দেওয়া হয়। এই নিয়ে আদালতে হট্টগোল ও অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

আদালতের আদেশের পরপরই চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর জজকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা-কর্মীরা। মিছিলে পুলিশের লাঠি চার্জে আহত হয়েছেন বেশ কয়েকজন। মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত