দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বদল ও বিকল্প রাজনীতি গড়তে সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে সিপিবি আয়োজিত সাংস্কৃতিক আন্দোলনের কর্মীদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালায় সারা দেশ থেকে সাংস্কৃতিক আন্দোলনের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
সেলিম বলেন, এ দেশের মুক্তিসংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র প্রতিষ্ঠা ও গণমানুষের সংগ্রামে প্রগতিশীল সাংস্কৃতিক কর্মীরা সামনের কাতারে থেকে লড়াই করেছে। বর্তমান দুঃশাসন থেকে দেশকে বাঁচাতে এই সময়েও সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার করা দরকার।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে আয়োজিত এই কর্মশালার দুটি অধিবেশনে সভাপতিত্ব করেন সিপিবির কেন্দ্রীয় সম্পাদক আহসান হাবীব লাবলি ও কেন্দ্রীয় নেতা এ এন রাশেদা। কর্মশালায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, সিপিবির কেন্দ্রীয় নেতা ডা. মনোজ, সিপিবির সাংস্কৃতিক উপ-কমিটির সম্পাদক জামসেদ আনোয়ার তপন।
