সোনারগাঁওয়ে ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ০৯:০৬ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা ও ধলেশ্বরী নদীর মোহনায় লঞ্চ দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১৫ জন।

শুক্রবার রাত ১টার দিকে ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত হুমায়ন বন্দুকছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকার আব্দুল হাই বন্দুকছির ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তাফিজ জানান, শুক্রবার রাত ১টার দিকে দুটি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক যাত্রী নিহত হন এবং ১৫ জন নিখোঁজ হয়।

দুর্ঘটনার পর লঞ্চ দুটি দ্রুত তাদের গন্তব্যে চলে যাওয়ায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে নিখোঁজদের উদ্ধারে নারায়ণগঞ্জ কোস্টগার্ড, সোনারগাঁ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে বলে জানান কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত