মাটিতে স্ত্রীর রক্তাক্ত দেহ, গাছে ঝুলছিল স্বামীর লাশ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১১:৪৭ এএম

সাতক্ষীরার শ্যামনগরে দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে- স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শ্যামনগর উপজেলা মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামে ঘটনাটি ঘটেছে।

শ্যামনগর থানার পরিদর্শক (ওসি) তদন্ত ইয়াসিন আলম চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রবিবার সকালে জেলেখালীতে এসে দেখেন সোনাবানুর (৩৫) রক্তাক্ত দেহ পড়ে আছে ঈদগাহের মধ্যে। পাশেই তার স্বামী আবদুল মান্নান গাজীর (৫০) মরদেহ গাছের সঙ্গে ঝুলছিল।

মান্নান স্থানীয় সোহরাব গাজীর ছেলে। এ দম্পতি বাড়ি ছেড়ে দীর্ঘদিন ধরে কালিন্দী নদী সংলগ্ন কালিঞ্চী গ্রামে থাকতেন এবং নদীতে জাল টেনে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি মান্নান ছোট স্ত্রী সোনাবানুকে সঙ্গে নিয়ে জেলেখালীর বাড়িতে চলে আসেন।

পুলিশ কর্মকর্তা ইয়াসিন পরিবারের বরাত দিয়ে জানান, সিরাজুল গাজীর মেয়ে সোনাবানুকে বিয়ের আগে আরও একটি স্ত্রী ছিল মান্নানের। তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, স্ত্রীকে প্রথমে কুপিয়ে হত্যা করে স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

মুন্সীগঞ্জ ইউনিয়নের আবদুল জলিল কাগুচী জানান, মান্নান সোনাবানু দম্পতির ১২ ও ১০ বছর বয়সী দুইটি ছেলে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত