বিশ্বের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হলেন ফিনল্যান্ডের সানা মেরিন। ৩৪ বছর বয়সে দেশটির জোট সরকারের নেতা হলেন তিনি।
বিবিসি জানায়, রবিবার সোশ্যাল ডেমোক্র্যাট দল থেকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন সানা মেরিন। এর আগে তিনি দেশটির পরিবহনমন্ত্রী ছিলেন।
গত মঙ্গলবার এক আস্থা ভোটে হেরে পদ থেকে সরে দাঁড়ান দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তি রিনে। এরপর দলীয় নেতাদের ভোটাভুটিতে নির্বাচিত হন সানা। এই সপ্তাহে তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গিয়েছে।
রবিবার রাতে সাংবাদিকদের সানা বলেন, ‘পুনরায় আস্থা অর্জনে আমাদের একত্রে অনেক কাজ করতে হবে।’
বয়স নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আমার বয়স বা লিঙ্গ সম্পর্কে কখনো ভাবিনি। যে কারণে আমি রাজনীতিতে এসেছি সেই বিষয়গুলোর কথা ভাবি। যার ফলে আমরা ভোটারদের আস্থা অর্জন করেছি।’
কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে তার পরেই আছেন ইউক্রেনের ওলেকসি হানচারুক এবং নিউজিল্যান্ডের জাসিন্ডা আরডার্ন, যাদের বয়স যথাক্রমে ৩৫ এবং ৩৯ বছর। এ ছাড়াও ৩৫ বছর বয়সে উত্তর কোরিয়ার ক্ষমতায় আছেন দেশটির নেতা কিম জং উন।
