জন্মদিনে স্ত্রীকে কোটি টাকা দামের হাতঘড়ি উপহার দিয়েছিলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার জানায়, নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানিতে আদালতকে নিজেই এই তথ্য দেন সাবেক এই প্রধানমন্ত্রী।
২০১৪ সালের ২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের হনলুলু থেকে ঘড়িটি কিনেন নাজিব রাজাক। যার মূল্য ছিল ১৩০৬২৫ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা এক কোটি ১০ লাখ টাকা।
আদালতকে তিনি বলেন, ‘স্ত্রী রোসমাহ মানসুরকে জন্মদিনে উপহার দিতে হাতঘড়িটি আমি কিনেছিলেন।’
ক্রেডিট কার্ডের মাধ্যমে দুইটি বিতর্কিত লেনদেন নিয়ে বিষয়টি জানান নাজিব রাজাক।
মালয়েশিয়ার এই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৪২টি অভিযোগ আনা হয়েছে।
তার বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে কমপক্ষে ৬৮১ মিলিয়ন ডলার নিজের পকেটে ঢুকিয়েছেন।
ওই তহবিল থেকে পাচার হওয়া টাকায় সুপার-ইয়ট বা প্রমোদতরী কেনা হয়েছে। এমনকি হলিউডে একটি ছবি তৈরিতেও খরচ করা হয়েছে এই অর্থ। সুপার-ইয়ট বা প্রমোদ তরীটির দাম ছিল ২৫ কোটি ডলার।
মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে গতি আনার লক্ষ্যে তৈরি ওয়ান এমডিবি (মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাড) নামে তহবিলটি গঠন করা হয়েছিল। কিন্তু নাজিব রাজাকের বিরুদ্ধে অভিযোগ ব্যক্তিগত বিলাসিতায় রাষ্ট্রীয় সেই টাকা খরচ করেছেন তিনি।
ওয়ান এমডিবি তহবিল থেকে টাকা পাচার নিয়ে যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুরসহ কমপক্ষে ছটি দেশে তদন্ত হচ্ছে।
