গাজীপুর ও কেরানীগঞ্জে ৮ ইটভাটা উচ্ছেদ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১০:৫১ পিএম

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। গতকাল সোমবার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর ও বাঘৈর রাজহালট এলাকার ৮টি ইটভাটায় এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে হাইকোর্টের রিট থাকায় ৫টি ইটভাটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকসুদুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। এর আগে গত ২৬ নভেম্বর পরবর্তী ১৫ দিনের মধ্যে অবৈধ ইটভাটা বন্ধে সরকারকে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘সারা দেশে পরিবেশ অধিদপ্তরের চলমান অভিযানের অংশ হিসেবেই কেরানীগঞ্জে এই অভিযান চালানো হয়েছে। অধিদপ্তরের ছাড়পত্রের মেয়াদ না থাকা এবং ব্রিকস ফিল্ডের এক কিলোমিটারের মধ্যে বসতবাড়ি, স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান থাকার অভিযোগে মেসার্স ইমরান ব্রিকস, নাজির ব্রিকস ও আধুনিক ব্রিকসকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এসব ইটভাটা যেন পরবর্তী সময়ে আবারও কার্যক্রম শুরু করতে না পারে সেজন্য এগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এরপরও কোনো ইটভাটার বিরুদ্ধে অনিয়ম পাওয়া গেলে সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

প্রায় সাড়ে ৩ ঘণ্টার এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ছাড়াও র‌্যাব ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

এদিকে গাজীপুরের শ্রীপুরের লতিফপুর এলাকায় আরও ৫টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ওই ইটভাটার মালিকদের আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট চৌধুরী মুস্তাফিজুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার লতিফপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. আবুল কাশেম মোড়লের মালিকানাধীন সেসার্স কেবিএম ব্রিকসকে দুই লাখ, মো. বরকত আলীর এলবিএম ব্রিকসকে দুই লাখ, লিয়াকত আলীর এলবিএম-২কে দুই লাখ, নাজমুল হাসান আবুলের এবিএম ব্রিকসকে এক লাখ ও মো. মোশারফ হোসেনের মদিনা ব্রিকসকে এক লাখসহ মোট আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ওই ইটভাটাগুলোর আগুন ফায়ার সার্ভিসের পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয় এবং ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত