কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইমাম হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা গ্রামের নাফ নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত ইমাম হোসেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা গ্রামের আব্দুস সালামের ছেলে। বিজিবির দাবি, নিহত যুবক ইয়াবা কারবারের সঙ্গে জড়িত ছিলেন।
ঘটনাস্থল থেকে এক লাখ বিশ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলোর আনুমানিক মূল্য তিন কোটি ষাট লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিওপিতে দায়িত্বরত বিজিবির সদস্যরা মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান আসার গোপন খবরে ওই এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে মিয়ানমারের লালদ্বীপ হয়ে নাফ নদী পার হয়ে একটি নৌকা বাংলাদেশে প্রবেশ করে।
এসময় দায়িত্বরত বিজিবি’র সদস্য নৌকায় নিয়ে আসা লোকদের চ্যালেঞ্জ করে এগিয়ে গেলে পাচারকারিরা বিজিবি সদস্যদের উপর অতর্কিতভাবে গুলি করে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে পাচারকারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করার সময় এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার এবং এক লাখ বিশ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও একটি ধারালো কিরিচ উদ্ধার করে।
একই সঙ্গে গুলিবিদ্ধ যুবককে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে বিজিবি বাদী হয়ে মামলা করা হয়েছে।
