বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পুরো বিপিএল মিস করবে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। এবারের বিপিএলে রাজশাহী রয়্যালসকে নেতৃত্ব দেবেন এই ক্যারিবিয়ান। মঙ্গলবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যিনি টুর্নামেন্টে সাকিব আল হাসানের অভাব অনুভব করলেন।
আইসিসির নিষেধাজ্ঞার কারণে সব ধরনের ক্রিকেটেই এক বছরের জন্য বাইরে থাকতে হবে সাকিবকে। জুয়াড়িদের দেওয়া প্রস্তাব পেয়েও তা গোপন করায় নিষিদ্ধ হতে হয়েছে তাকে। যাকে নিয়ে রাসেলের মন্তব্য, ‘পুরো বিপিএল সাকিবকে মিস করবে। সে দারুণ একজন খেলোয়াড়। বুদ্ধিমান বোলার। সম্প্রতি বিশ্বকাপে দুর্দান্ত ছিল।’
দুই বছর আগে রাসেল নিজেও নিষিদ্ধ হয়েছিলেন। আন্তর্জাতিক ডোপিং-বিরোধী সংস্থা (ওয়াডা) এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল তাকে। সেই অভিজ্ঞতা থেকে সাকিবকে নিয়ে বলছেন, ‘সে এখনো তরুণ। আমি নিজেও এক বছরের নিষেধাজ্ঞার অভিজ্ঞতা পেয়েছি। সুতরাং দৃঢ়ভাবে ফিরে আসাটা একটা বিষয়। আসল বিষয়ের ওপর নজর রাখতে হবে।’
বিপিএলে আন্দ্রে রাসেল চেনা মুখ ও চেনা পারফরমার। তবে অধিনায়ক হিসেবে এবারই প্রথম বিপিএলে দেখা যাবে তাকে। যে সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত এই ক্যারিবিয়ান, ‘দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। তবে আমি শুধুই একজন খেলোয়াড় এটাই মাথায় রাখতে চাই।’
‘অধিনায়কত্ব ক্যারিবিয়ানের বাইরে আমার জন্য নতুন অভিজ্ঞতা। আমি আগে জ্যামাইকা তালাওয়াসের নেতৃত্ব দিয়েছি। এটা দারুণ উপভোগ্যের এবং আমি চ্যালেঞ্জ নিতে তৈরি।’- যোগ করেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।
নিজের দল সম্পর্কে রাসেলের মূল্যায়ন, ‘আমি বলব না আমদেরটাই সেরা স্কোয়াড। তবে কাগজে-কলমে আমরা খুব ভালো দল। এটা যে কোনো অধিনায়ক, কোচ, দলের জন্য ভালো শুরু। আমরা প্রত্যেক খেলোয়াড়ের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। যা আমাদের সঠিক দিকে এগিয়ে নিয়ে যাবে।’
আন্দ্রে রাসেলের দল নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বৃহস্পতিবার। দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের মুখোমুখি হবে তারা।
