ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এলজিইডির একটি জনবহুল রাস্তার নিম্নমানের কাজের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে কাজের ঠিকাদার। গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেসার্স লোকমান হোসেন অ্যান্ড মোস্তফা কামাল (জেবি) ঠিকাদারি ফার্মের ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সালাহউদ্দিনসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। আদালতের বিচারক সারোয়ার আলম জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়, ওই ঠিকাদারি প্রতিষ্ঠান সর্বনিম্ন দরদাতা হিসেবে এলজিইডির আশুগঞ্জ-তালশহর রাস্তার মেরামত কাজের ঠিকাদারি পায়। কাজটি পাওয়ার পর থেকেই ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন কাজটি তার কাছে বিক্রি করে দেওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক লোকমান হোসেনকে হুমকি দেন।
তবে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মিথ্যা দাবি করেছেন আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন।’
