সামুদ্রিক মাছে কারখানার ক্ষতিকর রং মিশিয়ে বিক্রির অভিযোগে ৫ মাছ বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১১ মণ মাছ জব্দ করা হয়। রাজধানীর যাত্রাবাড়ী আড়তে গতকাল শুক্রবার ভোরের অভিযানে এসব মাছ জব্দ করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম দেশ রূপান্তরকে জানান, বৃহস্পতিবার রাত ১টা থেকে শুক্রবার ভোররাত ৫টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে দেশি মাছে কারখানার রং মিশিয়ে বিদেশি সামুদ্রিক মাছ বলে বিক্রি করছিল বিক্রেতারা। দিনের পর দিন মানবদেহের জন্য ক্ষতিকর এ মাছ বাজারে বিক্রি করত বেশ কিছু আড়তদার।
এছাড়া পচা মাছে কারখানার ক্ষতিকর রং মিশিয়ে বিক্রির দায়ে তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় এবং কয়েকটি আড়ত থেকে মাছ জব্দ করা হয়। এছাড়া সরকার নিষিদ্ধ আফ্রিকান মাগুর বিক্রির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ সময় দুটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়।
