শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:৩৯ পিএম

বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় গতকাল শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, গণকবর, তিস্তম্ভ ও বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল, আলোচনা সভা, ৪ ডিসেম্বর রায়েরবাজারে প্রতীকী প্রদর্শন, শোক শোভাযাত্রা, রচনা প্রতিযোগিতা, বধ্যভূমি ও শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্বলন, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ইত্যাদি অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা, উপজেলা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে। প্রতিনিধিদের পাঠানো খবর–

বাগেরহাট : জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। সকাল ৮টায় শহরের ডাকবাংলো ঘাটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। 

ভোলা : ভোরে কালেক্টরেট ভবন চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও শহরের যুগীরঘোল বধ্যভূমিতে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার পুষ্পস্তবক অর্পণ করেন। 

গাজীপুর : গাজীপুরের রাজবাড়ি মাঠ সংলগ্ন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ এবং গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

মেহেরপুর : সকালে কলেজ মোড়ের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জেলা প্রশাসক আতাউল গণির নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নড়াইল : তিন উপজেলার নানা কর্মসূচির মধ্যে ছিল শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতি ও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, প্রদীপ প্রজ¦ালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

পঞ্চগড় : সকালে সার্কিট হাউজ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মু¨রালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। সেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত হয়। পরে সেখান থেকে একটি শোক শোভাযাত্রা বের হয়।

সিরাজগঞ্জ : মুক্তির সোপানে জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ, আনসার, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, পৌরসভাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া : সকালে শহরের কাউতলীর সৌধ হিরণ্ময়ে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবীর,  ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ প্রমুখ পুষ্পস্তবক অর্পণ করেন।

দিনাজপুর : বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শিশুদের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ : সকালে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক শাহিদা সুলতানা পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযুদ্ধ ইউনিট কমান্ড, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।

নাটোর : প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। নাটোর প্রেস ক্লাব সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন সাংসদ শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রমুখ।

হাকিমপুর (দিনাজপুর) : হিলিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শোক শোভাযাত্রা, কালো ব্যাজ ধারণ, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় পরিবার।

দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হারুনর রশীদ, উপ-উপাচার্য মোহাম্মদ আলী জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। পরে ক্যাম্পাসে মৌন মিছিল বের করা হয়।

টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ চত্বরে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন মোমবাতি প্রজ্বলন করে কর্মসূচি শুরু করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত