বিজয় দিবস উদযাপনে প্রস্তুত স্মৃতিসৌধ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১২:৩১ এএম

মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে প্রস্তুত পুরো জাতি। আগামীকাল ১৬ ডিসেম্বর ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই বিজয় উল্লাসে মেতে উঠবে দেশবাসী। লাখো মানুষের ঢল নামবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। ৪৯তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে সৌধ প্রাঙ্গণে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হতে অপেক্ষার প্রহর গুনছে সাত স্তম্ভের এই সৌধ।

জাতির গৌরব আর অহংকারের এই দিনে ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। সবুজে ঘেরা ১০৮ হেক্টর জমির এলাকাটি গণপূর্ত বিভাগের কয়েকশ কর্মীর নিরলস পরিশ্রমে পেয়েছে এক নতুন রূপ। রং-তুলির নতুন সাজ আর আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ধুয়েমুছে চকচকে করা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণের প্রতিটি স্থাপনা। চত্বরের চারপাশের টবে শোভা পাচ্ছে নানা ধরনের রঙিন ফুল আর পাতা বাহারের গাছ। নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার ও উচ্চ মাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিসহ সৌধ এলাকায় থাকবে তিন স্তরের নিরাপত্তা বলয়।

১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধ বেদিতে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকবে তিন বাহিনীর কুচকাওয়াজ ও গাড়ি বহরের মহড়া। রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর বিদায়ের পর সর্বসাধারণের জন্য সেটি খুলে দেওয়া হবে।  ঢাকা জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি (ক্রাইম) সাইদুর রহমান জানান, প্রতি বছরের মতো এবারও স্মৃতিসৌধ এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত