সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ফের বিক্ষোভে নেমেছে লেবাননের মানুষ। পুলিশের সংঘর্ষে আহত হয়েছে শতাধিক বিক্ষোভকারী।
ডয়েচে ভেলে জানায়, সরকারের দুর্নীতি, নিত্যপণ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে অক্টোবর থেকে রাস্তায় নামে লেবাননের মানুষ। প্রায় দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী সাদ হারিরি।
হারিরি পদত্যাগ করলেও নতুন সরকার গঠনের প্রক্রিয়া স্থবির হয়ে ছিল। এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট মিশেল আওন সোমবার বাধ্যতামূলক সংসদীয় পরামর্শ সভার আহ্বান করেন।
ওই সভায় সংসদ সদস্যের ভোটে হারিরিই আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে।
হারিরিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভকারীরা একটি স্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানাচ্ছে।
রোববার বিক্ষোভকারীরা ‘সাদ, সাদ, সাদ আর স্বপ্ন দেখবেন না’ এবং ‘গণ-অভ্যুত্থান গণ-অভ্যুত্থান’ বলে স্লোগান দেন।
গত দুই মাসের মধ্যে শনিবার ও রোববার রাতের আন্দোলনই সবচেয়ে নৃশংস রূপ নিয়েছিল। রোববার রাতে দাঙ্গা পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে বৈরুতের সড়কে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
