নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ বলিউড তারকা অক্ষয় কুমার বিতর্কে জড়ালেন। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যঙ্গ করা টুইটার পোস্টে লাইক দিয়ে এই অবস্থা।
আনন্দবাজার পত্রিকা জানায়, এই ঘটনার জেরে টুইটার জুড়ে ট্রেন্ড উঠেছে ‘বয়কট অক্ষয় কুমার’। এমনকি তার কানাডীয় নাগরিকত্ব নিয়ে খোঁচা দিয়েও লেখা হলো ‘#বয়কট কানাডিয়ান কুমার’।
ভারত জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ আন্দোলন অব্যাহত। এরই মাঝে রবিবার বিকেলে দিল্লি পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপরে চড়াও হয়। কেন্দ্রীয় লাইব্রেরিতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। এমনকি শৌচাগারে ঢুকেও শিক্ষার্থীদের পেটায় পুলিশ।
সেই কাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায়। ছাত্রছাত্রী থেকে নেটিজেনদের একাংশ পুলিশের নিন্দায় ফেটে পড়লেও দ্বিমত দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এমনই এক টুইটার ব্যবহারকারী শিক্ষার্থীদের ব্যঙ্গ করে একটি ভিডিও শেয়ার করলে তাতে ‘লাইক’ দিয়ে দেন অক্ষয় কুমার।
এরপরই নেট জুড়ে নিন্দার ঝড় ওঠে। বলিউডের নায়ক অক্ষয়ের মতো ব্যক্তিত্ব কী করে ছাত্রছাত্রীদের পেটানোকে সমর্থন করেন, প্রশ্ন তোলেন অনেকেই। টুইটারে ওঠে ‘বয়কট অক্ষয়’ ঝড়।
তবে এই ঘটনার পরই অক্ষয় টুইটারে লেখেন, “ভুল করে লাইক করে ফেলেছি। স্ক্রল করছিলাম ফোন, তাতেই অসাবধানে লাইক পড়ে যায়। যখন ভুল বুঝতে পারি তখনই আনলাইক করে দিই। আমি কোনোভাবেই এ রকম কাজকে সমর্থন করি না।”
কিন্তু ততক্ষণে অক্ষয়ের লাইকের স্ক্রিনশট ভাইরাল। বলিউড খিলাড়ির বিরুদ্ধে খেপে ওঠেন অনেকেই।
