বিহারের কমিউনিস্ট পার্টির তরুণ নেতা কানহাইয়া কুমার ক্ষমতাসীন বিজেপিকে সতর্ক করে বলেছেন, নাগরিক হিসেবে না মানলে সরকারও মানা হবে না।
দেশটির নতুন নাগরিকত্ব আইন নিয়ে বিহার ধর্মঘট থেকে কানহাইয়া সোমবার বলেন, ‘আমাদের আপনারা নাগরিক না মানলে আপনাদের আমরা সরকার হিসেবেও মানবো না। সংসদে আপনাদের সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, কিন্তু রাস্তায় আমরাই বেশি।’
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে শরণার্থী হিসেবে হিন্দু, পারসি, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা আশ্রয় নিতে বাধ্য হলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। সেখানে প্রতিবেশী দেশ থেকে যাওয়া মুসলিমদের বিষয়ে কোনো উল্লেখ নেই।
পশ্চিমবঙ্গসহ তিনটি রাজ্য এই নতুন আইন কার্যকর করতে রাজি হয়নি। ভারতের কেন্দ্রীয় সরকার অবশ্য বলছে, রাজ্যগুলোর পক্ষে এটি কার্যকর না করার কোনও সুযোগ নেই।
আইনের প্রতিবাদে বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ। কয়েকটি এলাকা রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছে।
বিহারের বেগুসরাই আসন থেকে লোকসভা নির্বাচনে পরাজিত হওয়া কানহাইয়া কুমার এদিন জনসভা থেকে বলেন, ‘এটা সংবিধান রক্ষার যুদ্ধ। আমরা প্রজ্ঞা ঠাকুরের ভারত চাই না।’
এসময় তাকে চিরপরিচিত সেই ‘আজাদি’ স্লোগান দিতে শোনা যায়।
