সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় আড়াই কেজি ওজনের ২২টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কাস্টমস কর্মকর্তারা সোনাসহ ওই যাত্রীকে আটক করেন। আটক মোমিন উদ্দিন মামুন (৩৫) সিলেটের গোয়াইনঘাট উপজেলার মাস্টার ইনসান আলীর ছেলে। আটক সোনার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস বিভাগ।
কাস্টমসের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন জানান, দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে সোনার চোরাচালান আসতে পারে–এমন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটে আসা যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে মোমিন উদ্দিন মামুন নামে এক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তার পাসপোর্ট চেক করে দেখা যায়, তিনি প্রতিমাসেই দুবাইয়ে যাওয়া-আসা করেন। এরপর তার দেহে তল্লাশি চালিয়ে জুতার ভেতরে পলিথিনে মোড়ানো সোনার ২২টি বার উদ্ধার করা হয়।
কাস্টমস কর্মকর্তা জানান, আটক মামুনের বিরুদ্ধে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা অনিক দে বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা করেছেন।
