ভারতে নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভ

সাক্ষাৎকারের মাঝেই ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে টেনে গাড়িতে তুলে নিল পুলিশ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ০৩:০৯ পিএম

ভারতে নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভ থেকে ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে এই ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, ৬১ বছরের ইতিহাসবিদ রামচন্দ্র গুহ বেঙ্গালুরুর টাউন হলে একটি প্রতিবাদ সভায় যোগ দেন। তখন সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারের মাঝেই টানতে টানতে তাকে নিয়ে যায় পুলিশ।

দেশটির অন্যান্য এলাকার মতো বুধবার সন্ধ্যায় বেঙ্গালুরুতেও ১৪৪ ধারা জারি করা হয়। সেই নিষেধাজ্ঞা ভেঙে পরদিন সকালে বিক্ষোভে নামে জনতা।

সংবাদমাধ্যমকে রামচন্দ্র বলেন, ‘সংবিধান প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলার সময় আমাকে আটক করে পুলিশ। আমার হাতে গান্ধীজির একটা প্ল্যাকার্ড ছিল। দেশে কি স্বৈরতন্ত্র চলছে?’

তিনি বলেন, ‘পুলিশ কেন্দ্রীয় সরকারের নির্দেশে কাজ করছে। আমরা একটি বৈষম্যমূলক আইনের বিরোধিতা ছিলাম শান্তিপূর্ণভাবে ও শৃঙ্খলা মেনে। দেখুন সকলেই প্রতিবাদ করছেন শান্তিপূর্ণভাবে। আপনারা কি কোনও সহিংসতা দেখতে পাচ্ছেন?’

এদিকে বেঙ্গালুরু ছাড়াও দিল্লি ও হায়দরাবাদেও তুমুল বিক্ষোভ হয়েছে। সেখানেও ১৪৪ ধারা ভেঙে মানুষ রাস্তায় নেমে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রসঙ্গত, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শুক্রবার থেকে টানা বিক্ষোভ চলছে ভারতজুড়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ জনতার সঙ্গে পুলিশের একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটে। এর মধ্যে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের নৃশংস হামলার প্রতিবাদে দেশটিতে ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত