অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মো. সাহেদুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চলমান অভিযানে ক্যাসিনো সংশ্লিষ্টতায় তার নাম আসায় অনুসন্ধান শেষে এ মামলাটি হলো। গতকাল বৃহস্পতিবার দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলাটি করেন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ।
সাহেদুল হকের বিরুদ্ধে ১৩ কোটি ৬৫ লাখ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে এ মামলা করা হয়েছে। বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সাহেদুল হকের ব্যাংক হিসাবের লেনদেনও গত ২৯ অক্টোবর স্থগিত করে বাংলাদেশ ব্যাংক।
দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা সাহেদুল হকের স্থায়ী ও বর্তমান ঠিকানা দিলেও বিস্তারিত পরিচয় জানাতে পারেননি। মামলায় সাহেদুল হকের বর্তমান ঠিকানা লেখা হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকার বি ব্লকের ২ নম্বর সড়কের ২৪২ নম্বর বাড়ি। স্থায়ী ঠিকানা লেখা হয়েছে ১৯/১, কাকরাইল।
মামলার এজাহারে বলা হয়েছে, সাহেদুল হক ২০১৭-১৮ করবর্ষ পর্যন্ত তার আয়কর রিটার্নে ক্রিস্টাল ব্রিজ প্রাইভেট লিমিটেডের ১ লাখ ১ হাজার শেয়ারে ১ কোটি ১ লাখ টাকা বিনিয়োগ করেছেন। ওই টাকা অর্জনের পক্ষে তিনি কোনো বৈধ আয়ের উৎস প্রদর্শন করেননি। তার আয়কর নথিতে নগদ ৬১ লাখ ৪০ হাজার ৬০ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, তার নিজ নামে এফডিআর, ডিপিএস, এসএনডিসহ চলতি ও সঞ্চয়ী হিসাবে ৮ কোটি ৬৩ লাখ ৯৯ হাজার ৮৭ টাকা জমা রেখেছেন। তিনি ২ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৩৫৭ টাকার স্থাবর সম্পদ অর্জনের তথ্য দেন। কিন্তু তা অর্জনের পক্ষে আয়ের কোনো উৎস দেখাননি।
এজাহারে আরও বলা হয়েছে, সাহেদুল হক বিভিন্ন অবৈধ পন্থায় নামে-বেনামে দেশে ও বিভিন্ন দেশে বিপুল পরিমাণ অর্থ সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদ বিষয়ে তথ্য সংগ্রহ প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ বিধায় তদন্তকালে বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতার আওতায় তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হবে। মামলা তদন্তকালে আর কোনো সম্পদ অবৈধ উপায়ে অর্জিত হলে তার তথ্য-প্রমাণ পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে।
