ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‘টেনেট’ নিয়ে আলোচনার শেষ নেই। এই লেখক-পরিচালক সব চমক জমিয়ে রেখেছিলেন ট্রেলারে কিছুটা ফাঁস করবেন বলে। আর দুই মিনিট ব্যাপ্তির ভিডিওটি প্রকাশ হতেই উত্তেজনার পারদ একদম আকাশ ছুঁয়েছে।
২০২০ সালের ১৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে ‘টেনেট’, যাকে ‘ম্যাসিভ অ্যাকশন ব্লকবাস্টার’ হিসেবে বর্ণনা করা হচ্ছে। ছবিতে আছেন খ্যাতিমান কয়েকজন অভিনেতা। ডেভিড ওয়াশিংটন, রবার্ট প্যাটিনসন, এলিজাবেথ ডেবিস্কির সঙ্গে আছেন বলিউডের ডিম্পল কাপাডিয়াও।
পরিচালনার পাশাপাশি ‘টেনেট’-এর গল্প ও চিত্রনাট্য নোলানের। এতে একসঙ্গে সমন্বয় করেছেন ৭০ মিমি ও আইম্যাক্স ক্যামেরা। ক্যামেরায় ছিলেন পরিচালকের আগের সিনেমা ‘ডানকৃক’-এর চিত্রগ্রাহক হয়ট ভন হয়টেমা।
‘টোয়ালাইট’-খ্যাত প্যাটিনসন এই ছবির মাধ্যমে নোলানের সঙ্গে প্রথমবার কাজ করছেন। ‘টেনেট’কে তিনি বড় পরিসরের স্বাধীন সিনেমা বলে উল্লেখ করেন। চিত্রনাট্য পড়ে তার মনে রয়েছিল ‘কল্পনাবিলাসী’।
ছবির কাহিনি এগিয়েছে দুই গোয়েন্দা ও তাদের অনুসন্ধান নিয়ে। এর সঙ্গে যুক্ত হয়েছে নোলানের সিগনেচার বিষয় ‘টাইম’। ট্রেলার থেকে ধারণা করা হচ্ছে, এই কাহিনিতে আরও পরিপূর্ণভাবে সময়-পরিভ্রমণকে সাজিয়েছেন বিখ্যাত নির্মাতা।
আরও অভিনয় করেছেন অ্যারন টেইলর-জনসন, ক্লিমেন্স পোসি, মাইকেল কেইন ও কেনেথ ব্রানাগ।
