জমির বিরোধে প্রতিবেশীকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ০২:৫১ পিএম

যশোরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর শাবলের আঘাতে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। শনিবার সকালে শহরের বারান্দীপাড়া আমতলায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান (৪৭) একই এলাকার বাসিন্দা।

যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সকাল সাড়ে ৯টার দিকে শহরের বারান্দীপাড়া আমতলায় জমি নিয়ে কোন্দলে একজনকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

নিহত আব্দুর রহমানের মেয়ে আইরিন আফরিন রিধু জানান, তাদের বাড়ির দশমিক ৭৫ শতাংশ জমি দখল করতে চান প্রতিবেশী আব্দুল কুদ্দুস ওরফে মেটে কুদ্দুস। এ নিয়ে তার বাবা আব্দুর রহমান আদালতে মামলা করেন। আদালতের রায় তাদের পক্ষে আসে। এরপরও জমির দখল ছাড়েননি কুদ্দুস। তারা এ বিষয়ে থানায় জানালে পুলিশও দখল ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।

কিন্তু স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ফুলু দখলদারদের পক্ষ নিয়ে ওই জমি তাদের আধাআধি ভাগ করে দিতে চায়। এতে তার বাবা রাজি না হওয়ায় তার প্রতি ক্ষুব্ধ হন কুদ্দুস। এর জের ধরে শনিবার তার বাবাকে শাবল দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক তারেক আহমেদ শামস বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুর রহমানের মৃত্যু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক নিহত রহমানের একাধিক প্রতিবেশী জানান, মেটে কুদ্দুসের বিরুদ্ধে সন্ত্রাসী হিসেবে কুখ্যাতি রয়েছে। একই দায়ে অভিযুক্ত স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদকও।

এ বিষয়ে জানতে ওই কমিউনিটি পুলিশিং অফিসে গিয়ে পাওয়া যায়নি ফুলুকে। তার মুঠোফোনে কল দিয়ে চেষ্টা করেও পাওয়া যায়নি।       

×
সর্বশেষ সর্বাধিক পঠিত