লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের মারধরে অন্তঃসত্ত্বা আহত

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১১:০৪ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মশুর বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত ওই নারী লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল শনিবার সকালে ইউনিয়নের লাহারকান্দি গ্রামের যুগি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মশু ভুক্তভোগী ওই নারীর পরিবারের মালিকানাধীন জমিতে থাকা একটি সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেন।

তবে ইউপি চেয়ারম্যান মশুর দাবি, সীমানা প্রাচীর ভাঙার সময় ওই নারী বাধা দিলে তার গায়ে হাত লাগে। ওই সীমানা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে ‘ঝামেলা’ আছে বলে তিনি জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে লাহারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মশু, ইউপি সদস্য সিরাজ ও গ্রাম পুলিশ জহিরসহ কয়েকজন এসে কোনো নোটিস ছাড়াই বিকাশ চন্দ্র দেবনাথের মালিকানাধীন জমিতে নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে দেন এবং সন্তান সম্ভবা নারীকে মারধর করেন।

বিকাশ চন্দ্র দেবনাথ বলেন, নিজের জমিতে নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাঙচুরের সময় বাধা দিতে গেলে চেয়ারম্যান আমার পরিবারের ওপর হামলা চালিয়ে সীমানা প্রাচীর ভেঙে ফেলে।

লক্ষ্মীপুর সদর থানার ওসি আজিজুল হক মিয়া বলেন, ‘ওখানে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ আছে। থানায় অভিযোগের ভিত্তিতে উভয়পক্ষকে শান্তিপূর্ণ অবস্থানে থাকতে বলা ছিল।’ চেয়ারম্যানের হামলা ও ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, পুলিশ কাউকে ভাঙচুর করার জন্য বলেনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত