চার সেঞ্চুরিতে রান পাহাড় গড়ে ইনিংস ঘোষণা পাকিস্তানের

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ০১:৪৯ পিএম

আবিদ আলি ও শান মাসুদের সেঞ্চুরিতে আগের দিনই তৈরি হয়েছিল বড় সংগ্রহের ভিত। রোববার টেস্টের চতুর্থ দিন সেঞ্চুরির দেখা পেলেন অধিনায়ক আজহার আলি ও বাবর আজম। চার সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে করাচি টেস্টের দ্বিতীয় ইনিংসে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান।

৩ উইকেটে ৫৫৫ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ম্যাচটি জিততে হলে ৪৭৫ রান করতে হবে প্রথম ইনিংসে ৮০ রানের লিড পাওয়া শ্রীলঙ্কোকে।

দুই উইকেটে ৩৯৫ রান নিয়ে দিনের খেলা শুরু করা পাকিস্তানকে দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে নিয়ে যেতে থাকেন আজহার ও বাবর। ১৪২ বলে টেস্ট ক্যারিয়ারে ষোলোতম সেঞ্চুরি পূর্ণ করেন আজহার। ঘরের মাঠে ও অধিনায়ক হিসেবে এটা তার প্রথম শতক।

শেষ পর্যন্ত ১১৮ রানে উইকেট ছাড়া হন আজহার। তার ১৫৭ বলের ইনিংসটিতে রয়েছে তেরোটি চারের মার। দলীয় ৫০৩ রানে স্টাম্পড হওয়ার আগে বাবরের সঙ্গে ১৪৮ রানের জুটি গড়েন তিনি।

আগের তিন ব্যাটসম্যানের পথ ধরেই হেঁটেছেন চার নম্বরে ব্যাটিং করা বাবর। ২২ রান নিয়ে ব্যাটিংয়ে নামা অর্ধশতক পূর্ণ করেন দিনের শুরুতেই। তার শতক পূর্ণ হতে আসে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত। টেস্ট ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করতে ১৩১ বল খেলেন বাবর। হাঁকান সাতটি চার ও একটি ছক্কা। চলতি সিরিজে এটা তার দ্বিতীয় শতক।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয়বারের মতো  এক ইনিংসেই কোনো দলের শীর্ষ চার ব্যাটসম্যানের সবাই সেঞ্চুরি হাঁকালেন।

এক যুগ আগে বাংলাদেশের বিপক্ষে এমন কীর্তি গড়েছিল ভারত। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০০৭ সালে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ভারতের দুই ওপেনার দিনেশ কার্তিক ও ওয়াসিম জাফর, তিনে নামা রাহুল দ্রাবিড় ও চারে নামা শচিন টেন্ডুলকার।

২১ রান নিয়ে অপরাজিত ছিলেন মোহাম্মদ রিজওয়ান। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে দুটি উইকেট নিয়েছেন লাহিরু কুমারা। একটি উইকেট নিয়েছেন লাসিথ এম্বুলদেনিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত