দেশ নাটক প্রযোজিত ‘নিত্যপুরাণ’ নাটকের বিশেষ প্রদর্শনী হবে ২৫ ডিসেম্বর। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আমন্ত্রণে ওই দিন সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় নাটকটির প্রদর্শনী হবে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মাসুম রেজা।
এদিকে ২৫ ডিসেম্বর নাট্যকার মাসুম রেজার জন্মদিন। নিজের জন্মদিনে নাটকের প্রদর্শনীকে বিরল অভিজ্ঞতা বলে মন্তব্য করেছেন তিনি। মাসুম রেজা বলেন, জন্মদিনে নিজের নাটকে অভিনয় করা এক বিরল অভিজ্ঞতা। এদিন নাটকটিতে ‘দ্রোণাচার্য’ চরিত্রে অভিনয় করব। সবাইকে আমন্ত্রণ জানাই নাটকটি দেখার জন্য।’
এরই মধ্যে শতাধিক প্রদর্শনী হয়েছে ‘নিত্যপুরাণ’ নাটকের। ২০০১ সালের জানুয়ারি মাসে প্রথম মঞ্চে আসে এ নাটকটি। এরপর ২০০৪ সাল পর্যন্ত নিয়মিত মঞ্চায়ন হয়। পরে প্রায় এক যুগ প্রদর্শনী বন্ধ থাকার পর ২০১৭ সাল থেকে পুনরায় নিয়মিত মঞ্চায়ন শুরু হয়।
এ পর্যন্ত নাটকটিতে চারজন অভিনেত্রী দ্রৌপদী চরিত্রে বিভিন্ন প্রদর্শনীতে অভিনয় করেছেন। তারা হলেন শিরিন খান মণি, নাজনীন হাসান চুমকি, বন্যা মির্জা ও সুষমা সরকার।
