মায়ের ক্রেডিট কার্ড থেকে অর্ধ কোটিরও বেশি টাকার খেলনা কিনে ফেলল দুই শিশু। আমাজন অ্যালেক্সা ব্যবহার করে এমন কাণ্ড ঘটায় তারা।
মার্কেটিং মাইন্ড নামে একটি সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের মিশিগানে এই ঘটনা ঘটে। দুই শিশুর এমন কাণ্ডে তাজ্জব হয়ে গেছে তাদের বাবা-মা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে পুরো বিষয়টি উঠে আসে।
আমাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যালেক্সা ব্যবহার করে একগাদা খেলনা অর্ডার করে দেয় ভেরোনিকা অ্যাস্টেল নামে এক নারীর দুই সন্তান।
খেলনা অর্ডার করার পর তারা মায়ের ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করে দেয়। যার বিল পড়ে ৭০০ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৬০ হাজার টাকা।
কয়েক দিনের মধ্যে বাড়িতে চলে আসে বড় বড় কয়েকটি বাক্স। ভেরোনিকা প্রথমে ভাবেন ক্রিসমাস ডে উপলক্ষে আত্মীয় বা বন্ধুদের কেউ উপহার পাঠিয়েছেন। খুলে দেখেন, বাক্সের ভেতরে সব বাচ্চাদের খেলনা-বার্বি ডল, ঘর তৈরির খেলনা, মাস্কসহ কত কিছু
এত খেলনা একসঙ্গে দেখে কিছুই বুঝে উঠতে পারছিলেন না ভেরোনিকা ও তার স্বামী। বিপুল টাকার জিনিস কোনোভাবেই উপহার হতে পারে না। পরে বেরিয়ে আসে, ভেরোনিকার ক্রেডিট কার্ড থেকেই এই সব কিনেছে দুই মেয়ে।
এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই মেজাজ হারিয়ে বাচ্চাদের বকাবকি শুরু করেন তিনি। সেই সঙ্গে তিনি মোবাইলের ক্যামেরা অন করে রেকর্ড করতে থাকেন কী কী কিনেছে তার সন্তানরা। এমনকি একটি বড় প্যাকেট রাখা ছিল বাড়ি গ্যারেজেও, শুধু সেটির দামই পড়েছে ১৫ হাজার টাকার মতো।
এদিকে ভেরোনিকার বকাবকিতে কাঁচুমাচু হয়ে কাঁদতে শুরু করে দুই শিশু। দুই শিশুর কান্না দেখে ভেরোনিকার মন গলে যায়। শেষে হাসতে হাসতে তাদের জিজ্ঞেস করেন, ‘এত কিছু কিনেছে অথচ মায়ের জন্য কিছুই অর্ডার করোনি? সব নিজেদের জন্য কিনেছ।’
মায়ের কথা শুনে দুই বোনও হাসতে শুরু করে। এদিকে টাকা খরচ হলেও দুই সন্তান ক্রিসমাস গিফট পেয়ে যাওয়ায় ভেরোনিকাও খুশী।
