বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে এবং তার ত্যাগ আর মহত্ত্বের কথা ছড়িয়ে দিতে বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে পাঠদান করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবদুল আহাদ।
গতকাল রবিবার দুপুরে সুনামগঞ্জ শহর বালিকা প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার স্থাপনের কাজ পরিদর্শন শেষে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ে পাঠদান করান তিনি।
এ সময় জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন স্মরণীয় করে রাখতে সুনামগঞ্জের ১১ উপজেলার ১ হাজার ৪৬৬ প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সাজানো এবং বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার স্থাপনের কাজ পরিদর্শন করেন তিনি।
উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, সুনামগঞ্জ শহর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার খানম প্রমুখ। পরে জেলা প্রশাসক সদর উপজেলার বারঘড় প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়সহ চারটি স্কুলে গিয়ে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ে পাঠদান করেন।
