মুসলিম বন্ধুকে রক্ষা করতে গুলি খেতে প্রস্তুত এই বলিউড গায়ক

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০১:১৯ পিএম

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে উত্তপ্ত ভারত। সাধারণ মানুষ থেকে বলিউড সেলিব্রিটি- অনেকেই শামিল হয়েছেন প্রতিবাদে। রাস্তায় নেমেছেন ফারহান আখতার, স্বরা ভাস্কর ও অনুরাগের মতো সেলিব্রিটিরা। সেই তালিকায় যুক্ত হলো রাফতারের নাম।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, একটি অনুষ্ঠানে হাজির হয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করছেন রাফতার।

তিনি বলেন, মুসলিম বন্ধু আরশাদ যেভাবে তার খেয়াল রাখেন, তা অন্য কেউ করতে পারে না। তাই, আরশাদকে যদি কেউ ভারত থেকে বের করে দেওয়ার কথা বলেন, তাহলে প্রতিবাদ করবেন তিনি। আরশাদের জন্য গুলি খেতেও পিছপা হবেন না।

হিন্দু, মুসলিম, শিখ, খ্রিষ্টান সবাই ভারতে মিলেমিশে বসবাস করবেন বলেও মত প্রকাশ করেন বলিউডের এই গায়ক।

রাফতার আরও জানান, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ তিনি জোর গলায় করবেন। এর ফলে যদি ক্যারিয়ারের ক্ষতি হয়, হোক। এ পর্যন্ত যা রোজগার করেছেন, তাতে কখনো না খেতে পেয়ে মরবেন না। তাই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ সব সময় করবেন বলে স্পষ্ট জানান রাফতার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত